স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজকে নিয়ে বিতর্ক কম হয়নি। সবশেষ বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি সমালোচনার শিকার হন। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে ১৮টি হলুদ কার্ড দেখানোর পর তাকে বিশ্বকাপ থেকে দেশে পাঠিয়ে দিয়েছিল ফিফা।
গত জুনে লা লিগা থেকে অবসর নেন ৪৬ বছর বয়সী রেফারি লাহোজ। তবে তার দাবি, তাকে জোর করে অবসরে পাঠানো হয়েছে।
কাতার বিশ্বকাপের শেষ আটের ওই ম্যাচটিতে টাইব্রেকারে জেতে আর্জেন্টিনা। ওই ম্যাচ ১৮ হলুদ কার্ডের ১০টি আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেখিয়েছেন লাহোজ। ম্যাচ শেষে রেফারির দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সে সময় ফুটবল বিশ্বের এই মহাতারকা বলেছিলেন, ‘ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এই ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।'
টুর্নামেন্টে আরও ম্যাচ পরিচালনা করার কথা থাকলেও লাহোজকে আর দায়িত্বে রাখেনি ফিফা। বিশ্বকাপ থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লাহোজ বলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ) তার পদের অবনতি করে দিয়েছে। আর তাকে বাধ্য করা হয়েছে অবসর নিতে, 'বিতর্ক কিছুটা হয়েছে, কিন্তু মানুষকে বুঝতে হবে যে আমাকে হীনপদস্থ করা হয়েছে। তারা আমাকে বিতাড়িত করেছে, এটাই সত্য। আমি মাঠেই থাকতে পারতাম। কিন্তু সিটিএ-এর মতে আমি গত মৌসুমে সবচেয়ে বাজে রেফারিদের একজন ছিলাম। এ কারণেই আমি দায়িত্বে নেই।'
বিশ্বকাপের পরপরই লাহোজ আবার শিরোনামে আসেন লা লিগার ম্যাচে ১৫টি কার্ড দেখিয়ে। বার্সেলোনার ও এস্পানিওলের মধ্যকার ম্যাচে তার এভাবে কার্ড দেখানো নিয়েও তৈরি হয়েছিল বিতর্কিত পরিস্থিতি।
