তফসিল ঘোষণার পরেও সরেনি ব্যানার-ফেস্টুন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

তফসিল ঘোষণার পরেও জামালপুর জেলার বিভিন্ন এলাকা মনোনয়নপ্রত্যাশীদের প্রচার-প্রচারণার বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে আছে। তফসিল ঘোষণার ১০ দিন পার হলেও এখনো তা সরানো হয়নি। এসব সরিয়ে নিতে বিভিন্ন ধরনের তৎপরতা চালানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচারণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কোনো প্রার্থীর বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনসহ এই ধরনের কোনকিছু থাকা অবৈধ।

শনিবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, জামালপুর পৌর শহরের ফৌজদারী মোড়, দেওয়ানপাড়া, তমালতলা, দয়াময়ী মোড়সহ গুরুত্বপূর্ণ বাজার, মোড় ও লোকসমাগমের স্থানে এখনো ছেঁয়ে আছে রঙিন ডিজিটাল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণের কারণে সড়ক অনেকাংশ ঢাকা পড়েছে। যার ফলে শুধু শহরের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। এসব গুরুত্বপূর্ণ মোড় অতিক্রম করার সময় যাতায়াতকারী যানবাহনের চালকদের বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে সমস্যা হচ্ছে। এ ছাড়াও সড়কের ওপরে যে সব তোরণ রয়েছে, এসব তোরণ পড়ে গিয়ে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এসব নির্বাচনী বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণ দ্রুত সরানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে কথা হয় ফয়সাল আহমেদের সঙ্গে। তিনি বলেন, শহর সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে। এসব ব্যানারের কারণে শহরের সৌন্দর্য নষ্টসহ নিরাপত্তায় বিঘ্ন হচ্ছে। তাই দ্রুত এসব সরানো দরকার বলে তিনি জানান।

শহরের ভোকেশনাল মোড়ে সিএনজিচালিত অটোরিকশা চালক রোকন বলেন, ‘জামালপুর-ময়মনসিংহ সড়কে গাড়ি চালাই। এ সড়কের অনেক মোড়ে প্রাথীদের বিলবোর্ডে সড়কের অনেকটাই ঢাকা পড়েছে। আবার অনেক সড়কের দুই পাশে খুঁটি লাগিয়ে সড়কের ওপর তোরণ তৈরি করা হয়েছে। এসব তোরণের খুঁটিতে বিভিন্ন রঙের কাপড় লাগানো হয়েছে। যার ফলে যাতায়াতের সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা যায় না। এর ফলে দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, তফসিল ঘোষণা পর মনোনয়নপ্রত্যাশীদের প্রচার-প্রচারণার বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও জনবহুল স্থানে থাকা অবৈধ। এটা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বা মনোনয়নপ্রত্যাশী কেউ ব্যানার-পোস্টার এভাবে রাখতে পারে না। এসব ব্যানার ফেস্টুনের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হয়েছে। আর এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে সকল ব্যানার, ফেস্টুন অপসারনের দাবি জানান তিনি।

এ জেলার পাঁচটি আসনে মনোনয়নপ্রত্যাশী হয়েছেন ৪২জন। তাদের অনেকেই বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। ব্যানার ফেস্টুন লাগিয়েছেন এমন তিনজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়াটা এবার বেশ গুরুত্বপূর্ণ। এটা শুধু সাধারণ ভোটারের দৃষ্টি আকর্ষণের জন্য নয়, দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ ও সমর্থন পেতে প্রচার-প্রচারণা চালাতে হয়েছে। তবে খুব দ্রুত এগুলো সরিয়ে নেওয়া হবে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান বলেন, যে সকল প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন রয়েছে তাদেরকে সরানোর জন্য বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠিও দেওয়া হয়েছে। পৌরসভা থেকে মাইকিং করে এসব সরানোর জন্য সময় বেধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সরিয়ে না নিলে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌরসভা কর্তৃপক্ষ তা অপসারণ করবে। এটা খুব দ্রুত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত