‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ তদন্ত

৩০০ আসনে অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৫ এএম

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ৩০০ ‘নির্বাচনী অনুসন্ধান কমিটি’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইসির উপসচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী আসনভিত্তিক এসব কমিটিতে আছেন যুগ্ম জেলা ও দায়রা জজ, জ্যেষ্ঠ সহকারী জজ ও সহকারী জজরা। ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’সংক্রান্ত বিষয়গুলো  অনুসন্ধান করবে এসব কমিটি।

এদিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর সনদও জমা দিতে হবে। অন্যথায় বাতিল হতে পারে প্রার্থিতা। এ বিষয়ে সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর বিবরণী এবং টিআইএন দাখিলের প্রমাণ সংযুক্ত করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খানকে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর সর্বশেষ আয়কর সনদ দাখিলের বিষয়ে সুস্পষ্ট পরিপত্র জারির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত