ইসি আহসান হাবিব

নির্বাচনে আসার ব্যাপারে বিএনপির এজেন্ডা ভিন্ন ইস্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:২৩ এএম

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে সেটি একটি ডিফ্রেন্ড ইস্যু। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। এ বিষয়ে চাইলে রাজনৈতিক দলগুলো বসে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। তারা যদি কোনো সমাধানে আসে সে ক্ষেত্রে নির্বাচন কমিশন বসে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

গতকাল শনিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে তিন জেলার নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে তাহলে আমরাও (কমিশন) তৃপ্তি পাব। আমরা চেয়েছি নির্বাচনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষ্যে প্রথম থেকেই আমরা সব ধরনের চেষ্টা করেছি।’

মতবিনিময় সভায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বপালনের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য না দেখানোর বিষয়ে সতর্ক করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

সভায় ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত