সুন্দরবনের সুপেয় পানি নিশ্চিত করতে পরিশোধনকেন্দ্র স্থাপন করেছে র্যাব। এই পরিশোধনকেন্দ্রটির মাধ্যমে প্রতিদিন গড়ে ২৪ হাজার লিটার পানি পরিশোধন করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি। আজ রবিবার র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ওই কেন্দ্রটি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ ঊর্ধ্বতনরা। গতকাল শনিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তথ্য জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, সুন্দরবনের দুবলারচরে রাশ মেলায় আগত পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে কেন্দ্রটি উদ্বোধন করা হবে। পানি পরিশোধনকেন্দ্রটির মাধ্যমে প্রতিদিন গড়ে ২৪ হাজার লিটার পানি পরিশোধন করা যাবে। পানি সংগ্রহের স্থান থেকে ১৫টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে এক লাখের বেশি মানুষ বিশুদ্ধ ও সুপেয় পানির সুবিধা ভোগ করবেন। জানা গেছে, সুন্দরবনের দুবলার চর মৎস্য আহরণের কেন্দ্রবিন্দু, হিন্দুধর্মের পুণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত হওয়ায় সেখানে প্রতি বছর কয়েক লাখ লোকের সমাগম হয়। দুবলার চরে বিশুদ্ধ ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় মাওয়ালি, বাওয়ালি, বনজীবী, মৎস্যজীবীসহ দুবলার চরে আগত পর্যটকরা প্রায়শই চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে থাকেন। জনবিচ্ছিন্ন বালুময় এ চরে ছোট ছোট কূপ খনন করে সেখান থেকে পানি তুলে স্থানীয়দের ব্যবহার করতে হয়, যা স্বাস্থ্যসম্মত নয়। দুবলার চর এলাকায় বিশুদ্ধ পানির অপ্রতুলতা থাকায় র্যাব উদ্যোগী হয়ে এই সমস্যা সমাধানে এগিয়ে আসে। দুবলার চর এলাকার পানিতে অতিমাত্রার লবণাক্ততা পরিলক্ষিত হয় এবং পানির লেয়ার অনেক নিচু হওয়ায় দক্ষ ইঞ্জিনিয়ারদের সহায়তায় কয়েকবারের চেষ্টায় এই পানি পরিশোধনাগার স্থাপন করা হচ্ছে। র্যাব জানায়, দুবলার চরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দুবলার চর ও এর আশপাশের এলাকার মৎস্যজীবীসহ অন্যান্য পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যবসায়ী, পুণ্যার্থী, পর্যটক ও সাধারণ মানুষজনের বিশুদ্ধ ও সুপেয় পানির সংকট দূর করা সম্ভব হবে।
×
