রবিনহোকে ছাড়াই মাজিয়ার সামনে কিংস

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:২৬ পিএম

শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার আগেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অস্কার ব্রুজন এলেন ফুরফুরে মেজাজে। যদিও খুব স্বস্তিতে থাকার কথা নয় এই স্প্যানিশ কোচের। মাজিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি পাচ্ছেন না দলের দুই গুরুত্বপূর্ণ ভিনদেশিকে। অধিনায়ক রবসন রবিনহো ও মিডফিল্ডার চার্লস দিদিয়ের ছিটকে গেছেন আজকের ম্যাচ থেকে। তবে দুর্ভাবনাটা লুকিয়ে রেখে নিজেদের অভীষ্ট লক্ষ্য ছোঁয়ার কথাই বলেছেন কিংসের সফল কোচ। 

এএফসি কাপের গ্রুপসেরা হওয়ার পথে আজ বসুন্ধরা কিংসের বড় বাধার নাম মাজিয়া। মালদ্বীপ চ্যাম্পিয়নদের কাছে সেপ্টেম্বরে গ্রুপের প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরে গ্রুপপর্ব শুরু করা কিংস এখন আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। মালেতে সেই হারের ধাক্কা সামলে ঘরের মাঠে ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারায় কিংস। এরপর ভুবনেশ্বরে মোহনবাগানের ভাড়া করা হোমে ড্র করে ২-২ গোলে। ৭ নভেম্বর কিংস অ্যারেনায় ভারতীয় জায়ান্টস মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে পৌঁছে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলিয়ান রবিনহো ও আইভরিয়ান দিদিয়েরের চোটে নিজ আঙিনায় মাজিয়ার মুখোমুখি হওয়ার আগে অস্বস্তি কিংস শিবিরে। বাঁ পায়ের মংসপেশির চোটে রবিনহোকে ম্যাচটা দেখতে হবে দর্শক হয়ে। মোহনবাগানের বিপক্ষে শেষ দুই ম্যাচে গোল করা রবিনহোর না থাকাটাই বড় দুশ্চিন্তার। 
এমনিতে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে হারের রেকর্ড নেই। গ্যালারি কানায় কানায় পূর্ণ করে সমর্থকরা এমন একটা আবহ সৃষ্টি করে ফি ম্যাচে, তাতে কিংসের সৈনিকরাও পান ভয়ডরহীন ফুটবল খেলার আত্মবিশ্বাস। আজও একই চিত্র থাকবে গ্যালারিতে। রবিনহো, দিদিয়েরের না থাকাটা দুর্ভাবনার, তারপরও এই ম্যাচে কিংসকে এগিয়ে রাখতে হচ্ছে মাজিয়ার দুর্দশার কারণেও। নিজেদের মাঠে কিংসকে হারানোর পর টানা তিন ম্যাচ হেরেছে তারা। এই দুর্দশা কাটিয়ে কিংস অ্যারেনায় স্বাগতিকদের হারানোর পক্ষে বাজি ধরা লোকের সংখ্যা খুব বেশি মিলবে না। তারপরও কিংসের স্প্যানিশ কোচ ব্রুজনের কণ্ঠে ঝরেছে হুঁশিয়ারি। যে কোনো পরিস্থিতিতে কোনো প্রতিপক্ষকেই তিনি খাটো করে দেখতে নারাজ। ২০২১ ও ২০২২ সালে দুবারের দেখা মাজিয়াকে তার শিষ্যরা হারালেও এবার হেরে যাওয়ায় কোনো ঝুঁকি নেওয়ার পক্ষে নন ব্রুজন, ‘এখানে লুকানোর কিছু নেই যে কাল (সোমবার) ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে হবে আমাদের। নিজেদের মাঠে খেলাটা বাড়তি সুবিধা হলেও এটা ঠিক যে আবেগকে এখানে সংবরণ করতে হবে। অতীত পারফরম্যান্সের কারণেই দলের ওপর প্রত্যাশা অনেক বেড়েছে সবার। এ ব্যাপারে আমরা পুরোপুরি অবহিত। নিজেদের লক্ষ্যে পৌঁছাতে আমাদের নির্দিষ্ট ছকে খেলতে হবে। কারণ আমরা জানি মাজিয়া কতটা শক্তিশালী দল। হতে পারে তারা মাত্র ৩ পয়েন্ট পেয়েছে, তবে ম্যাচটা আমাদের জন্য কঠিন করে তোলার সব রসদ তাদের আছে।’
রবিনহোর খেলা নিয়ে অবশ্য একটা ধোঁয়াশা রেখে দিচ্ছেন কোচ। দলের অন্যতম খেলোয়াড়ের জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন, ‘দলের ভেতরকার সব তথ্য আমি এখানে দিতে চাচ্ছি। শুধু বলছি কিছু চোট সমস্যা আছে। তবে আমরা দলটাকে এমনভাবে গড়ে তুলেছি, যাতে এক-দুজন খেলোয়াড় না থাকলেও বড় কোনো সমস্যা না হয়। রবিনহো আমাদের অধিনায়ক, অন্যতম খেলোয়াড়। সে বড় ম্যাচে পার্থক্যটা ঠিকই বুঝিয়ে দেয়। আমরা কাল (আজ) খেলা শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করব দলের সব খেলোয়াড়কে শতভাগ ফিট হিসেবে পেতে। তারপরও যদি আমরা রবিনহোকে না পাই তবে আমরা প্ল্যান-বি নিয়ে এগুবো।’ নিজেদের মাঠে না হারার বিষয়টি মনে করিয়ে দিতে ব্রুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত এএফসি কাপের তিন ম্যাচ খেলেছি কিংস অ্যারেনায় এবং কখনই হারিনি। তাই বলে এটাকে সৌভাগ্য বলব না। যদি আত্মবিশ্বাসের কথা বলেন, আমার দল পুরোপরি প্রস্তুত। আগামীকাল আমরা সেই কিংস হয়েই নামব, যে দলটি এই মাঠেই শেষ ম্যাচে মোহনবাগানকে হারিয়েছিল। চোট একটা সমস্যা হবে। আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ১১ ডিসেম্বর শেষ ম্যাচটা (ওড়িশা এফসির বিপক্ষে ভুবনেশ্বরে) খেলতে চাই। হ্যাঁ, জয়টা গুরুত্বপূর্ণ। তবে কাল যদি আমরা ড্র করি কিংবা হেরেও যাই, শেষ ম্যাচ পর্যন্ত আমাদের সম্ভাবনা থাকবে। তাই আমরা কোনো বাড়তি চাপ নিচ্ছি না। নির্ভার হয়েই নামছি। এখানে প্রতিশোধের কিছু নেই। আমরা এখানে জিততে চাই। দুমাস আগে ওরা হয়তো একটু ভালো দল ছিল বলেই জিতেছিল। তবে দুই মাসে আমাদের অনেক উন্নতি হয়েছে।’
মাজিয়ার বসনিয়ান কোচ মিলোমির সেসলিজা কিংসকে এই গ্রুপের অন্যতম সেরা দাবি করে নিজেদের ভালো দল হিসেবে প্রমাণ দেওয়ার কথা বলেছেন, ‘এটা একটা নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ। আমি দেখতে চাই গত ম্যাচের চেয়ে দল কতটা ভালো ফুটবল খেলল। কিংস আমাদের গ্রুপের অন্যতম শক্তিশালী দল। আমরাও সেরা দলের বিপক্ষে সামর্থ্যরে সেরাটা দিয়ে খেলতে চাই। কিংসের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগটাও আমাদের অনুপ্রাণিত করছে।’
কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। অন্যদিকে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বাগান আতিথ্য দেবে ওড়িশা এফসিকে। গ্রুপসেরা লড়াইয়ে টিকে আছে এই দুটি দলও। তবে আজ হেরে গেলে ওড়িশার সম্ভাবনা শেষ হয়ে যাবে, যেমনটা হবে মাজিয়ার ক্ষেত্রেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত