সাকিব আল হাসান ব্যস্ত এখন নির্বাচনী প্রচারে। টেস্ট দলের নিয়মিত অধিনায়কের না থাকায় নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হতে চলেছেন তিনি। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুলিন সংস্করণে নেতা হিসেবে অভিষেক হচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানের।
সেই ম্যাচের আগে নিয়মিত অধিনায়ক সাকিব শুভকামনা জানিয়েছেন শান্তকে। নতুন অধিনায়ক নিজেই জানালেন সেই কথা। আজ সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।
সিলেটে প্রথম টেস্ট শুরুর আগে শান্ত বলেন, 'হ্যাঁ, সাকিব ভাইকে তো অবশ্যই মিস করব। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। দলের ব্যাপারে উনি গতকাল ফোন করেছিলেন রাতে। তার সাথে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দেরকে উইশ করেছেন এবং বলেছেন আমরা যে জিনিসটা পারি সেটাই যেন করি। এরকমই কথা হয়েছে আরকি।'
কিউইদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে আছেন শাহাদাত হোসেন দিপু ও হাসান মাহমুদও। দুজনই টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। এদিকে মুশফিকুর রহিম ছাড়া তেমন কোনও সিনিয়র ক্রিকেটার টেস্ট দলে নেই। স্কোয়াডে নেই তামিম ইকবালও।
যদিও শান্ত মনে করেন সাকিব-তামিমদের না থাকাটা সবার জন্যেই সুযোগ, 'একটা সময় সাকিব, মুশফিক ভাইয়েরা খেলবে না। এটা তরুণদের জন্য সুযোগ। এটা চ্যালেঞ্জ হিসেবে নেয়া উচিত'
বর্তমানে অবশ্য ইনজুরির মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন সাকিব। আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলদেশের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হয় তাকে।
এ ছাড়া জাতীয় নির্বাচন নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাকিব। ইতোমধ্যেই তিনটি আসনেই জন্য মনোনয়নপত্র কিনে সেগুলো জমা দিয়েছেন তিনি। এর মধ্যে মাগুরা-১ আসনে আওয়ামীলীগের হয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছেন তিনি।
