প্রিমিয়ার লিগের ম্যাচ। এভারটনের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার তৃতীয় মিনিটেই ম্যানইউদের সমর্থকদের উল্লাস আর বিস্ময়ে একসঙ্গে মাতান দলটির ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গোলটি দেখে কেউ তুলনা টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে, কেউবা বলছেন ওয়েইন রুনির কথা। তবে একটা জায়গায় প্রায় সবাই একমত, এখন পর্যন্ত এটিই মৌসুমের সেরা গোল। ইউরোপীয় ফুটবল ক্যারিয়ারে একই ধরনের গোল করেছিলেন রোনালদো ও রুনি।
যে কারণে ধারাভাষ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে গারনাচোর গোলের আলোচনায় উঠে এসেছে এ দুজনের নাম। পর্তুগিজ ও ইংলিশ তারকার সঙ্গে গারনাচোকে তুলনাও করেছেন অনেকে। এ নিয়ে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য গারনাচোকে গারনাচোর জায়গাতেই রাখতে বলেছেন।
এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ৩–০ ব্যবধানের জয়ের পর টেন হাগ রোনালদো–রুনির সঙ্গে গারনাচোর তুলনা নিয়ে বলেন, ‘তুলনা করবেন না। এটা ঠিক নয়। এদের প্রত্যেকের নিজস্ব পরিচয় আছে। গারনাচোকে বাকি দুজনের কাছে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে।’
গারনাচোকে রোনালদো বা রুনির পর্যায়ে পৌঁছাতে হলে কী করতে হবে, সেটাও বলেছেন টেন হাগ, ‘এ ধরনের পারফরম্যান্স নিয়মিতভাবে করতে হবে, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে দুর্দান্ত কিছু করার ভালো সম্ভাবনাই আছে গারনাচোর। আমরা এমনটা প্রথম দেখছি না। ওর কাছ থেকে ঝলক এরই মধ্যে কয়েকবার দেখেছি। তবে রুনি বা রোনালদোর মতো হলে প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমে ২০–২৫টি করে গোল করতে হবে। এটা করা সহজ নয়। তবে তার সম্ভাবনা আছে।’
গুডিসন পার্কে করা গারনাচোর গোলটিকে অবশ্য এখন পর্যন্ত মৌসুমের সেরা বলতে আপত্তি নেই ইউনাইটেড কোচের, ‘দুর্দান্ত একটা গোল হয়েছে। মৌসুমে যেহেতু অনেকগুলো ম্যাচ বাকি, এমন গোল আরও দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত এটিই সম্ভবত মৌসুমের সেরা গোল। গোল তৈরি থেকে হওয়া পর্যন্ত পুরোটাই চমৎকার ছিল। তবে ফিনিশিংটা হয়েছে অবিশ্বাস্য।’
