ক্ষয়িষ্ণু গণতন্ত্রে মানিয়ে নেওয়ার লড়াইয়ের গল্প

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০৮ এএম

আইরিশ লেখক পল লিঞ্চ তার উপন্যাস ‘প্রফেট সং’-এর জন্য ২০২৩ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন। প্রফেট সং তার পঞ্চম বই এবং তিনি এটি চার বছর ধরে লিখেছেন।

সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সংকটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কাহিনি উঠে এসেছে উপন্যাসে।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটের মঞ্চে দাঁড়িয়ে পল লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে ফিরিয়ে নিতে পেরে তিনি আনন্দিত। লিমেরিকে জন্ম নেওয়া এবং বর্তমানে ডাবলিনে বসবাস করা এই লেখকের ভাষ্য এমন একটি উপন্যাস লেখা মোটেই সহজ ছিল না।

পুরস্কারের অর্থ হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ বন্ধকি সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন বলেও জানিয়েছেন তিনি।

উপন্যাসটির বিশেষ বৈশিষ্ট্য এতে কোনো অনুচ্ছেদের বিরতি নেই। বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত বুকার যেকোনো দেশের কথাসাহিত্যিকের জন্য উন্মুক্ত। জুরিদের বিবেচনায় প্রতিবছর ইংরেজি ভাষার শ্রেষ্ঠ উপন্যাসটিকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত