মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোয় চার আলোকচিত্র সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার একটি হত্যাকাণ্ডের রিপোর্ট সংগ্রহ শেষে ফেরার পথে তারা হামলার শিকার হন। খবর সিবিএসের।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, চারজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদপত্রে কাজ করা এসব আলোকচিত্র সাংবাদিক রাজ্যের চিল্পানসিঙ্গো শহরে একটি হত্যাকাণ্ডের রির্পোট সংগ্রহ করতে গিয়েছিল। দুপুরে ফেরার পথে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।
মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, আহত সাংবাদিকরা একটি অনুষ্ঠান কভার করে ফিরছিলেন। পথে স্থানীয় সেনা ব্যারাকের ঠিক বাইরে এ হামলার ঘটনা ঘটে। একইসঙ্গে আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে তিন সাংবাদিককে অপহরণ করে আটকে রাখার পর এই হামলার ঘটনা ঘটল। গত পাঁচ বছরে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস মেক্সিকোতে অন্তত ৫৪ জন সাংবাদিককে হত্যার ঘটনা নথিভুক্ত করেছে।
