বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা বার বার ভুল করছে। তাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে। আদালত কর্তৃক তারা অপরাধী। বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় তার শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়। তারা নির্বাচন এলে তো দাঁড়াতে পারে না। তারা নির্বাচনে আসছে না। এ দেশে মুসলিম লীগ নামে একটি দল ছিল, সেটি বিলুপ্ত হয়ে গেছে। এ নির্বাচনের মাধ্যমে বিএনপিও বিলুপ্ত হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারর শামীমা ইয়াসমীনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়নি। আগামী নির্বাচনও একটি আন্দেলনের অংশ। আমরা এ নির্বাচনেও বিজয়ী হব। কিছু কিছু কর্মী স্বতন্ত্র নির্বাচন করবে, সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাধারণ ভোটার ও আমাদের নেতাকর্মীরা দলের পক্ষে থাকবে, দলের জন্য কাজ করবে। আমি মনে করি যারা নির্বাচনে দাঁড়িয়েছে সারা সকলেই শক্তিশালী প্রার্থী। আমি বলার কেউ নয়, ভোট দিয়ে জনগণ এটা মূল্যায়ন করবে। আমরা ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। দেখব কারা কতটা জনপ্রিয়। আমি জয়ের ব্যাপারে ষতভাগ আশাবাদী।
কৃষিমন্ত্রী বলেন, আপনারা জানেন ২০১৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নির্বাচনে আনার জন্য ৩৮ মিনিট টেলিফোনে কথা বলেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া নেত্রীর আহ্বানে সাড়া দেননি। তিনি (খালেদা জিয়া) মনে করেছিলেন আন্দোলন, সন্ত্রাস, আগুন সন্ত্রাস, রেললাইন তুলে, বিদ্যুৎ লাইক কেটে, গাড়িতে আগুন, পুলিশ হত্যা করে আন্দোলন সফল করবে এবং তাদের ইচ্ছামতো নির্বাচন কমিশন করে, একটি ভুয়া নির্বাচন করে ক্ষমতায় আসবে। সারা জাতি ঐক্যবদ্দভাবে তাদের সন্ত্রাস, আন্দোলনকে প্রত্যাখান করেছে। আবার ২০১৮ সালের নির্বাচন এসেছিল নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। তাদের নেতা থাকে বিদেশে, দেশে আসার সৎসাহস নেই।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু-সুন্দর-নিরপক্ষ হবে, সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে।
