সিলেট টেস্টের তৃতীয় দিনে দুই উইকেট হাতে নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। অধিনায়ক সাউদির সঙ্গে ৫২ রানের জুটি গড়ে কিউইদের লিড এনে দেন কাইল জেমিসন। ৭০ বলে ২৩ রান করে আউট হন মুমিনুলের বলে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৯ ওভার হাত ঘুরিয়ে উইকেট না পেলেও দিনশেষে নিউজিল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে আসেন জেমিসন। সেখানে শান্তর ব্যাটিং নিয়ে বেশ প্রশংসা করেন তিনি।
জেমিসন বলেন, ‘সে খুব ভালো ব্যাটিং করেছে, তাই না?। আমার মনে হয় ব্যাটিংয়ে চমৎকার নিয়ন্ত্রণ দেখিয়েছে শান্ত। সুযোগ বুঝে বড় রান বের করেছে, না হয় সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রেখেছে। ইনিংসটা দেখার মতো ছিল।’
শান্তকে আউট করার ব্যাপারে বলেন, ‘আমরা চেষ্টা করেছি, কিন্তু সে উতরে গেছে। খুব একটা সুযোগ আমাদের সে দেয়নি। উইকেটও ব্যাটিং সহায়ক ছিল। রাতে ওকে নিয়ে পরিকল্পনা করতে বসবো, দেখি কাল কোনো উপায় নিয়ে আসতে পারি কি না।’
আগামীকাল দ্রুত কিছু উইকেট তুলে নেওয়াই এখন কিউইদের লক্ষ্য বলে জানান জেমিসন।
