আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটির শোকজের (কারণ দর্শানোর) লিখিত জবাব দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান এবং নারায়ণগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। গতকাল শুক্রবার তাদের দুজনের মধ্যে সাকিব আল হাসান নিজে গিয়ে আর গোলাম দস্তগীর গাজী প্রতিনিধির মাধ্যমে জবাব দেন।
সাকিব আল হাসান গতকাল বিকেলে তার আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান মাগুরার যুগ্ম-১ জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের খাস কামরায় হাজির হয়ে লিখিত জবাব দেন।
আদালত থেকে বেরিয়ে সাকিব সাংবাদিকদের বলেন, ‘গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় এলে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটা একটি অনাকাক্সিক্ষত ঘটনা। এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আমি নির্বাচনী আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে এই প্রথম ও নতুন। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে, সেদিকে আমি দৃষ্টি রাখব।’
এ বিষয়ে সাকিবের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘গত ২৯ নভেম্বর সাকিব আল হাসান মাগুরায় আসেন। তখন কামারখালী এলাকায় জমা হয় তার ভক্ত ও উৎসুক জনতা। সেখানে ভক্ত ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিংবা দলীয় কাউকে তিনি ডাকেননি। আমরা নোটিসের জবাবে এসব কথা উল্লেখ করেছি। ভবিষ্যতে আমরা এসব বিষয়ে সতর্ক থাকব। আইন মেনে চলব।’
অন্যদিকে গতকাল সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে লিখিত ব্যাখ্যা জমা দেন গোলাম দস্তগীর গাজীর প্রতিনিধি ও তার ব্যক্তিগত সহকারী মুন্না খান। তিনি নারায়ণগঞ্জ-১ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি জ্যেষ্ঠ সহকারী জজ শেখ আনিসুজ্জামানের দপ্তরে ব্যাখ্যা জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের পেশকার ইবনে সাউদ।
এদিকে সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মিছিলে প্রকাশ্যে প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য নড়াইলের জেলা প্রশাসককে সুপারিশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। গতকাল জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত একটি সুপারিশপত্র নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাহমুদুল হক বলেন, ‘আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স নড়াইল জেলা থেকে ইস্যু করা। এ কারণে নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটকে অস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।’
এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অস্ত্রটির লাইসেন্স বাতিলে ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটকে সুপারিশ করা হয়।
