ডিসেম্বরের প্রথম দিনেই ডেঙ্গুতে ৬ মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ এএম

ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে দুজন মারা গেছে। গতকাল ডিসেম্বরে প্রথম দিনেই ডেঙ্গুতে এই মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত নভেম্বরে ডেঙ্গুতে ২৭৪ জন মারা যায়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৮ জনে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৯৪১ জন ও ঢাকার বাইরে ৬৮৭ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। ঢাকায় মৃত্যুর হার শূন্য দশমিক ৯ শতাংশ ও ঢাকার বাইরে শূন্য দশমিক ৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৩৩০ জন ও ঢাকায় ১৩৮ জন।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১২ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকায় রোগী দুই লাখ ৪ হাজার ৩৮৫ জন ও ঢাকার বাইরে এক লাখ ৭ হাজার ৯৭৪ জন।

ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে তিন হাজার ৩৫৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছে ৮৮৮ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৪৭০ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত