প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাবিতে আনন্দ শোভাযাত্রা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

মেট্রোরেলের টিএসসি স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রবিবার (৩ ডিসেম্বর)। এ উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে 'Metro at TSC: Thank You Sheikh Hasina' শীর্ষক আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের আয়োজনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই শোভাযাত্রা উৎযাপন করেন।

আনন্দ শোভাযাত্রায়- আনন্দ র‍্যালি, গান পরিবেশন, নৃত্য পরিবেশন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্ল্যাকার্ড, পোস্টার ও ভিজ্যুয়াল প্রদর্শনী, রাজু ভাস্কর্যের পাদদেশে আলপনা অঙ্কন, আর্ট ক্যাম্প, অ্যাকশন পেইন্টিং, গণস্বাক্ষর কর্মসূচি, রঙ উৎসব ইত্যাদি পরিবেশিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোছাদ্দেক বিল্লাহ, থিয়েটার এন্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সাওজাল, চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সানজিন শান্তা, অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী দিগন্ত সরকার 'Metro at TSC : Thank You Sheikh Hasina' শীর্ষক এই প্রোগ্রামের আয়োজন করেন৷

আয়োজক কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোছাদ্দেক বিল্লাহ বলেন, আমরা এই আয়োজনটি কেন করেছি তা কিন্তু প্রোগ্রামের নামেই উল্লেখ করা রয়েছে৷ Metro at TSC : Thank You Sheikh Hasina প্রোগ্রামের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, টিএসসিতে মেট্রোরেলের আগমনকে উৎসবমুখর পরিবেশে স্বাগত জানিয়েছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেট্রোরেল উপহার দেওয়ায় শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। মেট্রোরেলের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, তরুণ প্রজন্মের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আজকের প্রোগ্রামে শিক্ষার্থীদের উৎসবের মাধ্যমে খুব ভালোভাবে ফুটে উঠেছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আজকের এই মেট্রোরেল আমাদের স্বপ্নজয়ের একটি মাধ্যম। অথচ এই মেট্রোরেল তৈরির সময় একদল মানুষ বিরোধীতা করেছিলো কিন্তু আজকে এই মেট্রো কোন সমস্যা তৈরি ছাড়াই, পড়াশোনার কোনরকম ব্যাঘাত না ঘটিয়েই চলছে। যখন প্রধানমন্ত্রী পদ্মাসেতু বানাতে চেয়েছিলেন তখনও একদল মানুষ বিরোধীতা করেছিলো। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে পদ্মাসেতু আজকে লাখো মানুষের জীবনমান উন্নত করতে ভূমিকা রাখছে। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা সমন্বিত স্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, ‘Thank you Sheikh Hasina’.

×
সর্বশেষ সর্বাধিক পঠিত