গ্রানাদাকে সহজে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:২২ এএম

প্রতিপক্ষকে কোনো ধরনের পাত্তাই দেয়নি রিয়াল মাদ্রিদ। গোল অবশ্য খুব বেশি হয়নি, তবে ম্যাচজুড়ে আধিপত্য ছিল তাদেরই। গ্রানাদাকে ২-০ গোলে সহজে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে কার্লো আনচেলত্তির দল। তাদের হয়ে গোল দুটি করেন ব্রাহিম দিয়াস ও রদ্রিগো।

গতকাল প্রথম ম্যাচে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে ওঠে জিরোনা। মৌসুমের চমক হয়ে আসা দলটির ১৫ ম্যাচে পয়েন্ট ৩৮। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে ফিরল রিয়াল।

ঢিমেতালে শুরু ম্যাচের প্রথম ১৫ মিনিটে কোনো দলই প্রতিপক্ষের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। তবে এর মাঝেই বড় ধাক্কা খায় গ্রানাদা। সপ্তম মিনিটে কোনো এক অজানা কারণে শারীরিকভাবে অস্বস্তি বোধ করেন দলটির গোলরক্ষক রাউল ফের্নান্দেস। চার মিনিট খেলা বন্ধ থাকার পর বদলি গোলরক্ষক আন্দের ফেরেইরা নামলে ফের শুরু হয় খেলা।

অধিকাংশ সময় বল পজেশনে রেখে বারবার আক্রমণে উঠছিল রিয়াল। কিন্তু প্রতিবারই শেষে গিয়ে গুলিয়ে ফেলছিল তারা। ২৬তম মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নিতে পারে রিয়াল এবং তা থেকেই এগিয়ে যায় দলটি। গোলটি করেন দিয়াস।

দারুণ ছন্দে থাকা জুড বেলিংহ্যাম ৪১তম মিনিটে ভালো একটা সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি। ৫৭তম মিনিটেও সুবর্ণ সুযোগ হারান বেলিংহ্যাম। ওই আক্রমণ থেকেই অবশ্য দ্বিতীয় গোলটি পায় রিয়াল। ইংলিশ মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল ফাঁকায় পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।

লা লিগায় এই নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন রদ্রিগো। এই তিন ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ৫টি। চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ তিন ম্যাচে গোল করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত