লাবণী পয়েন্টে ভেসে থাকা মরদেহ স্বামী-স্ত্রীর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২১ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ভেসে থাকা মরদেহ দুটির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। 

আজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সৈকতে লাবণী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমা।

হোটেল সিগালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান, শনিবার সকাল ৯টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নম্বর কক্ষটি ভাড়া নেন। রবিবার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

সি-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ বলেন, মৃতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত