নাগেলসম্যানের চোখে ‘কঠিন’ গ্রুপে জার্মানি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম

গতকাল জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে ইউরো ২০২৪ এর ড্র। স্বাগতিক জার্মানি পেয়ে গেছে গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বিদের তালিকা। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। এ তিনটি দলই তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে মনে করছেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। স্পেন, ক্রোয়েশিয়া, ইতালির সঙ্গে আলবেনিয়াকে নিয়ে গঠিত গ্রুপ ‘বি’ এবারের আসরের ‘গ্রুপ অফ ডেথ’ বা মৃত্যুকূপ বলে আখ্যা দেওয়া হচ্ছে। ওরকম না হলেও নিজেদের গ্রুপকে ‘কঠিন’ই ভাবছেন নাগেলসম্যান।

১৯৯৬ ইউরো আসরে নিজেদের শেষ শিরোপা জিতেছিল দলটি। সবশেষ আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয় তিনবারের শিরোপাজয়ী জার্মানিকে। এবার ঘরের মাঠে খেলা হওয়ায় ফেভারিট তকমা থাকছে জার্মানির সঙ্গে। তবে সাবধানী কোচ নাগেলসম্যান মনে করেন, ‘গ্রুপটাকে আমি মৃত্যুকূপ বলব না। কিন্তু তিন প্রতিপক্ষের সবাই শক্তিশালী। বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সাথে, দারুণ একটা লড়াই হবে। তাদের সমর্থকরা দারুণ আবেগী, মিউনিখের ম্যাচটা তাই আরও বেশি জমজমাট হবে। হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের কিছু ফুটবলার আছে যারা বুন্দেসলিগায় খেলে। আমি নিজেও তাদের অনুশীলন করিয়েছি। তারা দারুণ কিছুই করবে এবার।’

ঘরের মাঠ মিউনিখে এবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ইউরো যাত্রা শুরু করবে নাগলসম্যানের দল। ইউরোতে গ্রুপগুলো সবসময়ই কিছুটা কঠিন হয়ে থাকে। তবে সে তুলনায় বড় নামজাদা দেশগুলো না থাকায় কিছুটা স্বস্ততে থাকবেন নাগেলসম্যান। জানান, ‘ইতালি ও নেদারল্যান্ডসের গ্রুপটা বেশ কঠিন। ওমন একটা গ্রুপে পড়লে সেটা মৃত্যুকূপ হতো। আমরা সেটা থেকে বেঁচে গিয়েছি। তবে আমাদের গ্রুপেও প্রতিপক্ষদের হালকাভাবে দেখার কোন সুযোগই নেই।  আমরা স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটার জন্য অপেক্ষা করছি।’ ২০২৪ সালের ২৪ জুন মাঠে গড়াবে ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত