শিগগিরই ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনা অনুযায়ী, আগামী মঙ্গলবারের (৫ ডিসেম্বর) মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ওসিকে বদলি করা হবে।

রবিবার (৩ ডিসেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩টি থানার ওসিদের বদলি করা হবে। দুইএকদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। ওসিদের বদলির কারণে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান হাফিজ আক্তার।

এছাড়া ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের গত ৩০ নভেম্বর দেয়া চিঠির আলোকে ডিএমপির যেসব থানায় ওসিদের চাকরি ছয় মাসের বেশি সম্পন্ন হয়েছে, তাদের বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন, এমন পুলিশ কর্মকর্তাদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত