লোহিত সাগরে তিন বাণিজ্যিক জাহাজে হামলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

দক্ষিণ লোহিত সাগরে আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। রবিবার ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠন এই এলাকায় দুটি ইসরায়েলি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার পরই এ তথ্য জানাল মার্কিন সেনাবাহিনী।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পরে মার্কিন যুদ্ধজাহাজ হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ভূপাতিত করে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করে বলে জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড।

এ হামলাগুলোকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি বলছে মার্কিন সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রবিবার লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে আঘাত করেছিল বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে ইরান সমর্থিত হুথিরা দুটি হামলার দায় স্বীকার করেছে এবং তারা ইসরায়েলের জাহাজে হামলা করেছে বলা জানিয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা জানায় যে, তাদের নৌবাহিনী দুটি ইসরায়েলি জাহাজ, একটি সশস্ত্র ড্রোন এবং একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। গোষ্ঠীর সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, বার বার সতর্কতা প্রত্যাখ্যান করার পরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তেল আবিবে সাংবাদিকদের জানিয়েছেন যে, ‘জাহাজ দুটির সঙ্গে ইসরায়েলের কোনো যোগাযোগ নেই।‘

তিনি আরও বলেন, "একটি জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া আরেকটি জাহাজ হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"

হামলাগুলি ইয়েমেনের জনগণের দাবির প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য করা হয়েছে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের হুথি সংগঠন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত