বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে একই আসনে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী, শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে আলোচিত এ দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে। ৬৬–এর (২) (গ) অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার কলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না।
শাম্মী আহম্মেদের ভাই শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করব। আশা করি, আমরা মনোনয়ন ফিরে পাব।
