স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটার সমর্থনের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট

  • স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত এক শতাংশ ভোটারদের তথ্য গোপন থাকছে না
  • আরপিও’ র বিধান ভোটারের গোপনীয়তা নষ্ট করছে

 

 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীদের সমর্থনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে রিট আবেদন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউসুফ আলী। এতে এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর ১২ (৩) ধারা বাতিলের নির্দেশনা চেয়েছেন তিনি। 

আগামীকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি এখতিয়ারসম্পন্ন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি। আরপিওর ওই বিধান অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে প্রার্থীর নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন এবং তাদের স্বাক্ষরযুক্ত তালিকা দাখিল করতে হয়। তবে যেসব সতন্ত্র প্রার্থী অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের ক্ষেত্রে এ তালিকার প্রয়োজন নেই।

রিট আবেদনের যুক্তিতে অ্যাডভোকেট ইউসুফ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ভোটারের গোপনীয়তা রক্ষা করতে হবে। ভোটার কাকে ভোট দেবেন কাকে দেবেন না এটি একান্তই তার ব্যাক্তিগত অধিকারের বিষয়। কিন্তু আরপিও এই বিধান ভোটারের সেই গোপনীয়তা নষ্ট করছে।’ 

একেকটি নির্বাচনী এলাকায় কয়েকহাজার করে ভোটার রয়েছে। কিন্তু তাদের স্বাক্ষরে তারা কোন প্রার্থীকে ভোট বা সমর্থন দেবেন তা আর গোপন থাকছে না। ফলে ভোটারের অনেকেই প্রতিপক্ষের রোষানলে পড়ছেন। এসব যুক্তিতে এ বিধানটি সাংঘর্ষিক উল্লেখ করে রিট আবেদন করেছি।’ 


 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত