বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর নৌকা প্রতীক নিয়ে এবার ভোটের মাঠে নেমেছেন। ঝালকাঠি-১ আসন থেকে তিনি লড়ছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে আসেন।
নির্বাচন ভবনে কেন এসেছেন এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শাহজাহান ওমর ক্ষেপে যান। বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি, এ বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’
কয়েকজন সাংবাদিক তার ফটো তুলতে চাইলেও রেগে যান তিনি। আপনি আইন লঙ্ঘন করেছেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভেঙেছি।’ এর আগে আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। গত সোমবার সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কু-ু এ আদেশ দেন। ওই আদেশে বলা হয়, আপনি (শাহজাহান ওমর) নির্বাচনী এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন। এ সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর অধীনে ৬ (ক) (গ) ও বিধি ১২ লঙ্ঘনের শামিল। আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’
ইসি সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আগাম সাক্ষাৎ করতে ইসিতে এসেছিলেন শাহজাহান ওমর।
