'ব্যাট, বল ও শক্তির' সমন্বয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

ছয় মাস পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন ফরম্যাটে হবে ২০২৪ সালের আসরটি। দল বেড়ে যেখানে খেলবে ২০ দল, ম্যাচ হবে ৫৫টি। এত বড় আসর আগে কখনো হয়নি ক্রিকেটে। এসব কিছু ভাবনায় রেখে প্রাণবন্ত এক লোগো উন্মোচন করেছে আইসিসি।

লোগো উন্মোচন উপলক্ষে আজ ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে-ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি-টোয়েন্টি ক্রিকেটের মূল উপদানগুলোর প্রতীক।

আগামী জুন–জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে প্রথমবার কোনো আইসিসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলায় নিশ্চিতভাবেই ক্রিকেটের বাজার আরও ছড়িয়ে পড়বে।

নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে একযোগে লোগো প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্য দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ নতুন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে বলে বিশ্বাস করেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন লোগো সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত