ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যে ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে একটি খসড়া প্রস্তাব নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ ভোট হবে।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ভোটাভুটি হবে।
জাতিসংঘের সনদের ৯৯ অনুচ্ছেদ অনুসারে গত বুধবার গুতেরেস নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতির জন্য বৈঠকের আহ্বান জানান। এ অনুচ্ছেদ অনুসারে, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত যে কোনো বিষয়ে মহাসচিব নিরাপত্তা পরিষদকে বৈঠকের আহ্বান জানাতে পারেন। জাতিসংঘের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। কারণ গত কয়েক দশকের মধ্যে কোনো মহাসচিব এমন পদক্ষেপ নেয়নি। অবশ্য যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় মানবিক বিপর্যয় রোধে সব পক্ষকে আহ্বান জানিয়ে আসছিলেন গুতেরেস।
এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক আশা প্রকাশ করে বলেন, তিনি মনে করেন নিরাপত্তা পরিষদ গুতেরেসের আহ্বানকে গুরুত্ব দিয়ে আলোচনা করবে এবং ভোটের মাধ্যমে যুদ্ধবিরতিতে একমত হবে। ডুজারিক আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন এবং অন্যান্য কয়েকটি দেশ নিজেদের মধ্যেও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে।
প্রসঙ্গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের হামলার পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ১৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ৪৬ হাজার মানুষ। যার অধিকাংশই নারী ও শিশু।
