দেশের মানুষের ভালোমন্দের দিকে নজর না দিয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শুধু ক্ষমতা দখল করে রাখতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজকে দেশে পেঁয়াজের কেজি কত? প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কি জানেন? আসলে দেশের মানুষ বাঁচল নাকি মরল সেদিকে তাদের নজর নেই, তাদের নজর শুধু অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে রাখা।’ মানববন্ধন কর্মসূচি শেষে গতকাল রবিবার বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
দ্বাদশ সংসদ নির্বাচন নিজেদের মতো করতে সরকার দেশ জুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘নির্যাতন-নিপীড়ন চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চায় সরকার। সেজন্য তারা কবরস্থানের মতো নিস্তব্ধতা জারি রাখতে চায়। ৭ জানুয়ারি লোক দেখানো প্রহসনের নির্বাচন করতে চায়। তবে এবার প্রহসন ও জালিয়াতি করে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। আজকে গণতান্ত্রিক বিশ্ব ও দেশের জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। অন্যদিকে সরকার জাতিসংঘে চিঠি দিয়ে বলেছে, বাংলাদেশের নির্বাচন ঘিরে নাকি অযাচিত হস্তক্ষপে হচ্ছে!’
জেলায় জেলায় নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘সরকার ভেবেছিল হামলা, মামলা ও গ্রেপ্তার জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করে দেবে। কিন্তু নেতাকর্মীরা সব ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে মানবাধিকার দিবসে মানববন্ধনে জড়ো হয়েছেন। মানবাধিকার দিবসে হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ কয়েকটি জেলায় হামলা চালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।’
