গাজীপুরের কালিয়াকৈরে ছয় লাখ টাকা আত্মসাতের মামলায় আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ইয়াসিনকে (৫৬) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৩ তাকে কারাগারে পাঠান।
ভুক্তভোগী পরিবার, মামলা ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ডাইনকিনি মৌজায় ৫ শতাংশ জমি ৪৪ লাখ টাকায় বিক্রির জন্য মাসুদুর রহমান, স্বপন কুমার পাল ও বিজন কুমার পালের কাছ থেকে বায়না বাবদ ২০১৫ সালে ১২ লাখ টাকা নেন মজিবুর ও তার সহযোগীরা। এরপর ক্রেতাপক্ষ জানতে পারেন মজিবুর ও তার সহযোগীরা ওই জমির মালিক নন। পরে তাদের সঙ্গে এ ব্যাপারে স্বপন কুমার পাল ও বিজন কুমার পালের সমঝোতা হলেও মাসুদুর রহমানের ছয় লাখ টাকা তারা ফেরত দিতে গড়িমসি করতে থাকেন। তারা ওই টাকা আত্মসাতের চেষ্টা করলে মাসুদুর রহমানের স্ত্রী সাজেদা আক্তার বাদী হয়ে ২০২২ সালে আদালতে মামলা করেন। মামলায় মজিবুর রহমান ইয়াসিনসহ তার দুই ছেলে জাহিদুর রহমান সুজন ও সুমন হোসেন এবং একই এলাকার রিপন ও সবদুলের নাম উল্লেখ করা হয়।
