গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে রেল লাইন কেটে ফেলায় ঢাকাগামী মোহনগঞ্জ আন্তঃনগর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনটি রেল সড়ক থেকে অন্তত ২০ ফিট নিচে পড়ে গেছে। অন্য বগিগুলো এলোমেলো ভাবে নিচের ধান ক্ষেতে পড়ে আছে।
এদিকে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরাতে উদ্ধারকাজ শুরু হয়েছে। সকাল থেকেই উদ্ধার কাজে অংশ নেন পুলিশ, বিজিবি, র্যাব ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত একটি বগি সরানো গেছে। এখনো উদ্ধার কাজ চলছে। তবে সারাদিনে এই উদ্ধার কাজ শেষ হবে কি না তা নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১ এর কোম্পানি কমান্ডার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শ্রীপুর মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম বলেন, এটা নাশকতার জন্যই করা হয়েছে। গ্যাস দিয়ে রেল লাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার ও রেল লাইন কাটার জন্য ব্যবহৃত সরঞ্জাম পাওয়া গেছে। আমরা অধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
