বড়াইগ্রামে মাদ্রাসা ঘেরাও, অধ্যক্ষ লাঞ্ছিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ এএম

নাটোরের বড়াইগ্রামে নিয়োগ বন্ধের দাবিতে মাদ্রাসা ঘেরাও করে অধ্যক্ষকে লাঞ্ছিত ও শ্রেণিকক্ষে অবরুদ্ধ রাখার ঘটনা ঘটেছে। এ সময় মাদ্রাসা চত্বরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ইসলামপুর গুণাইহাটি সিনিয়র মাদ্রাসায় দুজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য ১৫ ডিসেম্বর (আগামীকাল শুক্রবার) লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। নিয়োগ বোর্ড গঠনের বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার দুপুরে জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ৩০-৪০ জন বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মী মিছিলসহ মাদ্রাসায় যান। তারা অধ্যক্ষ মাওলানা ওসমান গণিকে একটি শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং নিয়োগ বোর্ড বাতিলের জন্য চাপ দেন। এ সময় কিছু লোক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও টানাহেঁচড়া করেন বলে অধ্যক্ষ অভিযোগ করেন। পরে অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে অধ্যক্ষ নিয়োগ বন্ধ রাখার ঘোষণা দিলে নেতাকর্মীরা শান্ত হন।

আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজী বলেন, ‘অধ্যক্ষ নিজের ভাতিজা ও সহসভাপতির ছেলেসহ পছন্দের প্রার্থীকে গোপনে বোর্ড করে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করেছিলেন। অধ্যক্ষকে অবরুদ্ধ রাখলেও লাঞ্ছিতের অভিযোগ সঠিক নয়।’

অধ্যক্ষ মাওলানা ওসমান গণি বলেন, ‘বাধ্য হয়ে আপাতত নিয়োগ বন্ধ রেখেছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত