দিল্লিতে অনেক হলে ‘মানুষ’ হাউজফুল গেছে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের চলচ্চিত্র মানুষ। ছবিটিতে অভিনয় করেছেন জিৎ, সুস্মিতা ও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনাও করেছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। মিমের সঙ্গে মানুষ নিয়ে কথা বলেছেন মাহতাব হোসেন

বাংলাদেশে মানুষ মুক্তি পাচ্ছে, কেমন লাগছে?

ডেফিনিটলি এটা আমার জন্য আনন্দের। আমার অভিনীত একটা ছবি মুক্তি পাবে এটা আনন্দের না? তাছাড়া আমার মনে হয় আমিই বাংলাদেশের প্রথম অভিনেত্রী যে কিনা প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করল। এখানে আমি স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে এসেছি, কিন্তু চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে ছবিটা কেমন ব্যবসা করবে বলে মনে করেন?

বাংলাদেশে জিৎদার বড় একটা ভক্ত শ্রেণি আছে। আমার একটা ভক্ত শ্রেণি আছে, আর সঞ্জয় দা বাংলাদেশি নির্মাতা। স্বাভাবিকভাবেই আমরা অনুমান করছি এটা দর্শকরা গ্রহণ করবে। তাছাড়া ছবির গল্পও একটা শক্তি, যারা দেখবে তাদের ভালো লাগবে। তারা আলোচনা করবে, নতুন দর্শক আসবে।

আপনার জানা মতে ভারতে কেমন চলেছে এটা?

ভারতে তো বেশ ভালো চলেছে। এটা প্যান ইন্ডিয়ান মুভি। বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে। দিল্লিতে বেশকিছু হলে ছবিটা হাউজফুল গেছে। আমার পরিচিত বন্ধু-বান্ধবদের মাধ্যমে জেনেছি। মুম্বাইয়েও আমার বন্ধুবান্ধব রয়েছে। তারাও ছবিটি দেখেছে, তারাও বলেছে ছবিটি ভালো চলেছে। তাছাড়া সমগ্র ভারতে মুক্তি পেয়েছে, অন্যান্য জায়গার কথা তেমন বলতে পারছি না। তবে কলকাতায়ও ছবিটি ভালো চলেছে।

জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

জিৎদার সঙ্গে আগেও কাজ করেছি সুলতান সিনেমায়। বরাবরই ভালো অভিজ্ঞতা। এবার আরও ভালো অভিজ্ঞতা হয়েছে, কেননা এবার আমাদের পরিচালক বাংলাদেশি ফলে আমার কাছে মনেই হয়নি অন্য একটি দেশে গিয়ে কাজ করছি। পুরো টিম আমার নিজের মনে হয়েছে।

ছবি মুক্তির পর জিতের সঙ্গে কথা হয়েছে?

হ্যাঁ, জিৎদার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে শুভাশীষ জানিয়েছেন। আর তিনি খুবই বিনয়ী, তাই উনি অহেতুক বাম্পার, সুপারহিট, ফাটিয়ে ফেলেছে এই টাইপ কথা বলেন না। শুধু বলেছেন ভালো হয়েছে, দর্শকরা সিনেমাটি দেখছে।

সিনেমাটি দেখেছেন আপনি?

না। এখনো দেখা হয়নি। সঞ্জয়দার কাছে শুনেছি সিনেমার বিষয়টি, তার মাধ্যমে দেখেছি দর্শকদের উন্মাদনা। বাংলাদেশে মুক্তি পাচ্ছে, এখন দেখব।

সঞ্জয় সমাদ্দারের প্রথম চলচ্চিত্র হিসেবে তাকে কীভাবে মূল্যায়ন করবেন?

আসলে সঞ্জয় দা এটার পরিচালনায় ছিলেন বলেই আমি কখনো মনে করিনি অন্য দেশে কাজ করতে গিয়েছিলাম। তার কারণে খুবই সুন্দরভাবে কাজ করেছি। এর আগেও সুঞ্জয় দার সঙ্গে কাজ করেছি। তিনি খুবই চমৎকার একটা ছবি বানিয়েছেন। সিনেমাটা দেখলেই বুঝবেন কেমন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত