বগুড়ার আদমদীঘিতে আলিমা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার নসরৎপুর ইউনিয়নের শাওইল গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে আদমদীঘি থানা পুলিশ। নিহত গৃহবধূ ওই এলাকার শাকিল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নসরৎপুর ইউনিয়নের শাওইল গ্রামের শাকিল ও তার স্ত্রীর বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পযার্য়ে স্ত্রীকে মারধর করে স্বামী। পরের দিন সকালেই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মৃত আলিমা খাতুনের স্বামী শাকিল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয় আমি তাকে দুটি চড় মেরে বাজারে চলে যাই। রাতে এসে ভাত খেয়ে শুয়ে যাই। স্ত্রীও ছেলের পাশে শুয়ে পরে। মধ্য রাতে ঘুম ভেগে গেলে দেখি আমার স্ত্রী পাশে নাই। পরে শয়ন ঘরে দরজার কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় থাকে ঝুলে থাকতে দেখি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
