বিশ্বকাপে ভরাডুবির পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এই সংস্করণে নিজেদের ‘কঠিনতম’ চ্যালেঞ্জ দিয়েই শুরু হচ্ছে নতুন পথ চলা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল নামছে নিউজিল্যান্ডে সাদা বলের ক্রিকেটে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে।
ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।
নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রতিবার একই ফল নিয়ে দেশে ফেরে বাংলাদেশ। ব্যতিক্রম শুধু গত বছর, সেবার অসাধারণ ক্রিকেট খেলে জিতে যায় একটি টেস্টে! তবে ওয়ানডেতে সেই অপূর্ণতা ঘোচানোর চ্যালেঞ্জ মুশফিকুর রহিম, লিটন দাসদের সামনে।
বিশ্রাম ও চোট মিলিয়ে এই সিরিজের জন্য এক রকম নতুন চেহারার দল নিয়ে নামছে নিউ জিল্যান্ড। তাই কিছুটা হলেও বাড়ছে বাংলাদেশের সুযোগ। তবে চোট সমস্যা আছে বাংলাদেশ দলেও। তাই চ্যালেঞ্জটা কঠিনই হওয়ার কথা শান্তদের জন্য।
