নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাস ও স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সমর্থকদের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকার কাজী ফার্মের সামনে সংঘর্ষ হয়।

আহতরা হলেন—মহিউদ্দিন মোল্লা (৪২), মোশাররফ হোসেন (৪৮), নিজা মিয়া (৫৬), মো. মোকলেছ মিয়া(৪২), হেলাল উদ্দিন সরকার (৪১), মুক্তার হোসেন (৪১)। তাদের সবার বাড়ি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে।

ঘটনায় আহত গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. মহিউদ্দিন মোল্লা জানান, ‘স্বতন্ত্র প্রার্থী হাজী ফয়সাল বিপ্লবের মার্কা পাওয়াকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ নৌকার সমর্থক গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের লোকজন আমাদের উপর হামলা চালায়। আমার অফিস ভাঙচুর চালায়।’

গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছু জানিই না।’

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খাঁন বলেন, ‘ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। আইনশৃঙখলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত