দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ: স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সনিয়ার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

'দুই পা নেই, মায়ের কোলে চড়ে কলেজে আসেন সনিয়া' এই শিরোনামে গত ৫ ডিসেম্বর দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সেই সনিয়ার স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সনিয়ার কৃত্রিম পা স্থাপনে সকল সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি। 

জানা গেছে, ৮ বছর বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে সনিয়ার দুটি পা কেটে ফেলা হয়। এরপর থেকে খুব কষ্টে চলাচল করতে হয় সনিয়াকে। দুটি কৃত্রিম পা পেলে তার স্বপ্ন পূরণ সহজ হবে। উজ্জ্বল করতে পারবে তার মা-বাবার মুখ। সংবাদ প্রকাশের পর বিভাগীয় কমিশনার দেশ রূপান্তর প্রতিনিধির মাধ্যমে সনিয়াকে বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করতে পরামর্শ দেন। তিনি ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জ  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানকেও দুই পা হারানো সনিয়ার খোঁজখবর নিতে বলেন। সহকারী কমিশনার ভূমি দেশ রূপান্তর প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত তথ্য ও সনিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে খোঁজখবর নেন। 

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের সহযোগিতায় বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত আবেদন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ে হস্তান্তর করেন সনিয়া ও তার মা শিউলি বেগম। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, 'সনিয়া আক্তারের আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, সনিয়ার ব্যাপারে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসক অবগত আছেন। তারা সনিয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিক। 

দেশ রূপান্তর প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, সনিয়ার বিষয়ে সংবাদ প্রকাশের পর তার খোঁজখবর নিয়েছি। তার স্বপ্ন পূরণে দুটি কৃত্রিম পায়ের জন্য একটি আবেদন পেয়েছি। সনিয়ার স্বপ্ন পূরণে আমরা তার পাশে থাকবো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত