জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। বুধবার (২০ ডিসেম্বর ) সন্ধ্যার পর জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের কালাই টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন, সোবাহান আলী (৬০) ও রফিকুল ইসলাম (৪৫)। আহতরা হলেন, সুজাউল ইসলাম (৫০), মুনছর আলী (৩২), কোরবান আলি (৪৬) এবং আইজুল (৩৭)।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম থেকে কাজ শেষে অটোভ্যানে বাড়ির দিকে ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে ফেরার পথে পেছন থেকে তেলবাহী লরি অটোভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় তেলবাহী লরিটি রাস্তার উত্তর পাশের খাদে উল্টে পড়ে যায় আর অটোভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্মরত চিকিৎসক সুজাউলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর রফিকুল ইসলামকে জপুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে রফিকুল মারা যায়। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ মো. ওয়াসীম আল বারী বলেন, দুর্ঘটনার পর থেকে তেলবাহী লরির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
