ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফেভারিট ছিল ম্যানচেস্টার সিটি। শক্তি-সামর্থ্যরে বিচারে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের চেয়ে এগিয়ে তারা। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সিটি ৩-০ গোলে হারিয়েছে ডায়মন্ডসকে। চোটের কারণে এই ম্যাচেও ছিলেন না গোলদাতা আর্লিং হালান্ড।
আগের আট ম্যাচে মাত্র তিনটিতে জেতা ম্যানসিটি প্রত্যাশিতভাবেই আক্রমণাত্মক শুরু করে। প্রথমার্ধের বেশিরভাগ সময় নিজেদের সীমানাতেই আটকে ছিল উরাওয়ার খেলোয়াড়রা। গোলের উদ্দেশ্যে একটি শটও নিতে পারেনি জাপানের ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে ভুল করে বসে তারা। ডান দিক থেকে নুনেসের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন উরাওয়া ডিফেন্ডার হেইব্রটেন। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোভাচিচ। কাইল ওয়াকারের পাস ধরে গতিতে একজনকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়ে, জোরালো শটে ঠিকানা খুঁজে নেন। ৫৯ মিনিটে সিলভার শট একজনের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে আগেও ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন। এবার সিটির হয়ে জিততে চান। খেলোয়াড়দের বলেছেন ক্লাব বিশ্বকাপ জেতার সুযোগ একবারই আসে। ‘আমরা একত্রে ডিনার করব, একটা আবহ তৈরি করব যেন সবাই বুঝতে পারে ক্লাবের জন্য সামনের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। যেমনটা আমি বলেছি, এই ফাইনাল খেলতে হলে অবিশ্বাস্য সব কাজ করতে হয়, চ্যাম্পিয়নস লিগ জিততে হয় এই ট্রফির জন্য লড়াইয়ের সুযোগ জীবনে একবারই আসে। এখানে থাকতে পারাটা আমাদের জন্য অবিশ্বাস্য ব্যাপার। আমরা এটাকে (জয়) নিশ্চিত ধরে নিচ্ছি না। আমরা জানি, হয়তো এখানে আর কখনো নাও আসতে পারি।’
আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে উয়েফা চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
