কারাগারের ভেতরও বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:২০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার ও হত্যা করে দেশে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। কারাগারের ভেতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম-নির্যাতন চলছে।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, থানা বিএনপির নেতা হারুনুর রশিদ খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, তামাশা আর প্রতারণার নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী বাড়ি-ঘর ছাড়া। কারাগারের ভেতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম-নির্যাতন চলছে।

তিনি বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে’। রিজভী বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নব্য রাজাকারে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে। দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত