মেহেরপুরের গাংনীতে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে কারা এই নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে সেটা বলতে পারেননি পুলিশ এবং এলাকাবাসী।
ওই নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর তিনি ও তার লোকজন কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে অফিসে এসে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে অফিসে রক্ষিত একাধিক প্লাস্টিকের চেয়ার, টেবিল, পোস্টার আসবাবপত্র ছিল। তবে কে বা কারা অফিসে আগুন দিয়ে সব পুড়িয়ে দিল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
তবে অগ্নিকান্ড ঘটনা নিয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের নৌকা প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবু সালেহ মো: নাজমুল হক সাগর বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলতে তার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন কয়েকদিন পূর্বে হেমায়েতপুর গ্রামে একটি সভা করে উসকানি ও কুরুচীপূর্ণ বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। সেই বক্তব্যের পর আমার নির্বাচনী কার্যালয় আগুন দেয়া হলো।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন সেপু বলেন, নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে প্রতিপক্ষ। ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনী কার্যালয় পড়িয়ে দেওয়ার সমুচিত জবাব দেবে।
এই আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ মকবুল হোসেন।
এ ব্যাপারে গাংনী থানার ওসি মো: তাজুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের একাধিক টিম ও গোয়েন্দারা মাঠে নেমেছে।
