অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।
পাশাপাশি বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও তোপখানা রোড এলাকায় লিফলেট বিতরণ করেছেন।
অসহযোগের ডাক দেওয়ার তৃতীয় দিনে গতকাল সকালে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার এলাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় রিজভী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
সকালে জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। পরিষদের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, জিয়া পরিষদের অধ্যাপক আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও অধ্যাপক লুতফুর রহমান প্রমুখ।
এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমের নেতৃত্বে মহাখালী এলাকায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ধানম-ি এলাকায় লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।
জামায়াতের লিফলেট বিতরণ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের ৬৮টি সাংগঠনিক থানায় একযোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দলটি।
সমমনা দলগুলোর কর্মসূচি : অসহযোগ কর্মসূচি সফল করতে বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, ১২ দলীয় জোট ফকিরাপুল পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট নড়াইল জেলাসহ কয়েকটি জেলা এবং রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিকেল ৩টায় মোহাম্মদপুর ও বেলা ১১টায় মহাখালীতে, গণ অধিকার পরিষদ বিকেল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে, গণ ফোরাম ও পিপলস পাটি বেলা ১১টায় নাইটিংগেল মোড়ে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় পুরানা পল্টন এলাকায় লিফলেট বিতরণ করে।
এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বেলা ১১টায় বিজয় নগরে দলীয় অফিসে সংবাদ সম্মেলন করে। লেবার পার্টি বিকেল ৩টায় পুরানা পল্টন মোড়ে লিফলেট বিতরণ করে।
