স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে গুলি 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

জেলা সদরের মোল্লাকান্দিতে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) এক সমর্থকের বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে শুক্রবার দিনগত রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হেবা মোল্লার বাড়িতে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। হেবার বাসভনের জানালার কাচ ভেদ করে ওই গুলি। গুলিবর্ষণের ঘটনায় এ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ান ও বাবু কাজীর বিরুদ্ধে দোষারোপ করা হয়েছে।

হেবা মোল্লার স্ত্রী বিউটি বেগম জানান, রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে বসে ছিলেন। এসময় শতাধিক লোকজন বাড়িতে আসেন। এসেই তারা নৌকা প্রতীকে নির্বাচন করতে শাসান। একপর্যায়ে জানালা লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে জানালার কাচ ভেঙে যায়।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী দাবি করেন, হেবা মোল্লা শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের উঠান বৈঠকে গিয়েছিলেন। এতে আনন্দপুর গ্রামের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ান ও বাবু কাজীর নেতৃতে হেবার বাড়িতে ওই গুলিবর্ষণকরেছে।

সরজমিন শনিবার সকালে আনন্দপুর গ্রামে গেলে অভিযুক্ত নৌকার সমর্থক শওকত দেওয়ান ও বাবু কাজীকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত