ইউরোপিয়ান সুপার লিগ

বিশাল অংকের আনুগত্য বোনাস পেতে যাচ্ছে রিয়াল-বার্সা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

ইউরোপিয়ান সুপার লিগে (ইএসএল) শুরু থেকেই অর্থাৎ ২০১৬ সাল থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে এক হয়ে এ আয়োজনে সম্পৃক্ত ছিল বার্সেলোনা। এর পর ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার শঙ্কার মাঝেও নিজেদের অবস্থানে অনড় ছিল এ দুটি ক্লাব। ফলাফল হিসেবে ইউরোপের সর্বোচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষিত হওয়ার পর বিশাল অঙ্কের লয়্যালটি বোনাস পেতে যাচ্ছে ক্লাব দুটো।

মুন্ডো দেপোর্টিভোর প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রতিযোগিতাটি শুরু হলেই রিয়াল ও বার্সা ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকা) করে আনুগত্য বোনাস পেতে পারে। গত বৃহস্পতিবার ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ইএসএলকে বাধা দেওয়া বেআইনি উল্লেখ করে উয়েফা ও ফিফার বিরুদ্ধে রায় দেয়। এরপরই ৬৪ দলের তিন স্তরে টুর্নামেন্ট পরিচালনার ফরম্যাট প্রকাশ করে।

২০১৬ সালে উয়েফা প্রেসিডেন্ট পদ থেকে মিশেল প্লাতিনি পদত্যাগের পর থেকে এ আয়োজনের পরিকল্পনার শুরু। ২০২১ সালে ১২ ক্লাব নিয়ে প্রথম সুপার লিগ আয়োজনের চেষ্টা করেছিল প্রোমোটার সংস্থা এ২২ স্পোর্টস। যদিও ফিফা-উয়েফার বাধার পর এই প্রতিযোগিতা থেকে সরিয়ে নেয় ম্যানইউ, ম্যানসিটি, লিভারপুল, টটেনহাম, আর্সেনাল ও চেলসি, সিরি ‘আ’–এর জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান এবং লা লিগার দল অ্যাথলেটিকো মাদ্রিদ।

স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও স্পোর্ত ও পালকো২৩ জানিয়েছে, সুপার লিগের প্রতিষ্ঠাতা ক্লাবগুলো একটি চুক্তি স্বাক্ষর করেছিল। সেখানে স্পষ্ট উল্লেখ আছে, কোনো কারণে ক্লাবগুলো খেলতে না চাইলে বা প্রকল্প ছেড়ে চলে গেলে ৩০ কোটি ইউরো করে (৩ হাজার ৬৩০ কোটি টাকা) জরিমানা দিতে বাধ্য থাকবে। তবে তাদের উল্লেখিত অঙ্কের চেয়ে আরও অনেক বেশি হতে পারে বলে জানা গেছে। জরিমানার এই অর্থই রিয়াল–বার্সাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। এখন অপেক্ষার পালা কবে আলোর মুখ দেখে ইউরোপিয়ান সুপার লিগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত