ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এ ছাড়া ধর্মঘটের পক্ষে আজ রবিবার থেকে গণসংযোগের কর্মসূচি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসএসপির উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সংগঠনের প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন এসব কর্মসূচি ঘোষণা করেন।
মজুরি বৃদ্ধির আন্দোলনে নিহতদের বিচার, আহতদের চিকিৎসা, গ্রেপ্তারকৃতদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল, গার্মেন্টস সেক্টরে ঘোষিত মজুরি বাতিল করে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় এসএসপির প্রধান সমন্বয়ক ফয়েজ হোসেন বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘট শুরু হবে। কারখানাগুলো বন্ধ থাকবে যতদিন না দাবি পূরণ হয়।’ তিনি আরও বলেন, ‘আগামীকাল (আজ) থেকে সব সেক্টরে গণসংযোগ চলবে। সব রাজনৈতিক দল, ছাত্র, কৃষক ও শ্রমিক সংগঠনসহ সবার প্রতি আহ্বান ধর্মঘটকে সর্বাত্মক হরতালে পরিণত করে ধর্মঘট সফল করার উদ্যোগ গ্রহণ করুন।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দেবে না, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব। সরকার দাবি আদায়ে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে এক হয়ে নামতে হবে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।
