নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ এড়ায় নাজমুল হোসেন শান্তর দল। এবার পালা টি-টোয়েন্টির রোমাঞ্চ অনুভব করার।
ওয়ানডের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের মতো এতটা কষ্ট করে খেলাগুলো দেখতে হবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। দুটি ম্যাচই হবে নেপিয়ারে। যেখানে আছে ওয়ানডের রূপকথা।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে সকাল ছয়টায়। যার ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে। এই মাঠে আবার আছে টেস্টের সুখস্মৃতি। মুমিনুল হকের নেতৃত্বে এখানেই কিউইদের প্রথমবার টেস্টে হারিয়েছিল বাংলাদেশ।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের গল্পটা শুধুই হতাশার। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি টাইগাররা। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও দিন বদলের হাতছানি মেহেদি মিরাজদের সামনে।
