বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণ হার দিয়ে শুরু করল লাল বলের চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ডিএলএস পদ্ধতিতে মধ্যাঞ্চল ২৩ রানের ব্যবধানে জয় পেয়েছে পূর্বাঞ্চলের বিপক্ষে।
প্রথমে ব্যাট করা মধ্যাঞ্চল মাহিদুল ইসলাম অঙ্কনের ৯৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৮ রানের পুঁজি দাঁড় করায়। ৮৬ বলে ৬ চার ও ৪ ছয়ে এ ইনিংস খেলেন একটুর জন্য সেঞ্চুরিবঞ্চিত হওয়া অঙ্কন। মধ্যাঞ্চলের হয়ে নাইম ইসলাম ৫৫ রান করেন। এছাড়া ওপেনার নাইম শেখ করেন ৪৮ রান।
চার দিনের ফর্ম ওয়ানডেতেও ধরে রাখেন পূর্বাঞ্চলের পেসার খালেদ আহমেদ। ১০ ওভারে ৬৯ রান খরচা করলেও তিনটি উইকেট শিকার করেন তিনি। আরেক পেসার রেজাউর রহমান রাজা নেন দুই উইকেট।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ দিকে ডিএলএস পদ্ধতিতে ম্যাচের দৈর্ঘ্য কমে যায় তিন ওভার। ৪৭ ওভারে ২৮১ রানের লক্ষ্য নির্ধারিত হয় পূর্বাঞ্চলের। জবাবে ৯ উইকেটে ২৫৭ রানে থামে তাদের ইনিংস।
পূর্বাঞ্চলের ব্যাটারদের মধ্যে ইয়াসির আলী রাব্বী ছাড়া আর কেউ ইনিংস বড় করতে পারেননি। ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ইয়াসির। ৬১ বলে ৪৭ রানের ইনিংস আসে মমিনুল হকের ব্যাট থেকে। জাকির হাসান করেন ৩৮ রান।
রিপন মন্ডল ও নাজমুল ইসলাম অপু দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন অঙ্কন।
