কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় তিশা প্লাস বাসটি চান্দিনা উপজেলা সংলগ্ন দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার অংশে দাঁড়িয়ে ছিল। শনিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ আগুনের তাপে বাসে ঘুমিয়ে থাকা বাসকর্মী রিফাত জেগে উঠেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ততক্ষণে পুড়ে গেছে বাসের ভেতরের অংশ। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে
চান্দিনা থানা চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তনয় বাবু জানান, ‘কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। কেউ নাশকতা করে লাগিয়ে থাকতে পারে।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) নয়ন মিয়া জানান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার বাগুর এলাকায় দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে জানালা খোলা থাকায় দুষ্কৃতকারীরা গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে উপজেলার ভানী পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
