বড়দিনে শীর্ষে আর্সেনাল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ এএম

বড়দিনের সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল জেতে ইংলিশ প্রিমিয়ার লিগ। লিগের শেষ ১৪ আসরে ১০ বারই যে দল বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর টেবিলের শীর্ষে ছিল, সেই দলটাই শিরোপা জিতেছে। লিভারপুলের সামনে সুযোগ ছিল আর্সেনালকে হারিয়ে শীর্ষে ওঠার। আর ড্র হলেও শীর্ষে থাকবে আর্সেনাল। এমন সমীকরণের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে শীর্ষে থেকেই বড়দিন উদযাপন করছেন মিকেল আর্তেতার দলের খেলোয়াড় ও সমর্থকরা।

প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে ২০১২ সালের পর আর্সেনাল কোনো ম্যাচ জিততে পারেনি। সেই ধারাই বজায় থাকল। তবে শীর্ষে উঠতে না পারলেও অ্যাস্টন ভিলাকে টপকে দুইয়ে উঠে গেছে লিভারপুল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট লিভারপুল ও ভিলার। তবে গোল ব্যবধানে আর্সেনাল এগিয়ে থাকাতেই দুইয়ে লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই লিভারপুলকে চেপে ধরে আর্সেনাল। ৪ মিনিটে স্বাগতিকদের চুপ করিয়ে এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের ফ্রি কিক থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এবারের লিগে এটি প্রথম গোল। লিভারপুল সমতায় ফেরে ২৯ মিনিটে। নিজেদের অর্ধ থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড লম্বা পাস বাড়িয়েছিলেন ডান প্রান্তে থাকা মোহামেদ সালাহর দিকে। মিসরীয় ফরোয়ার্ড আর্সেনাল ডিফেন্ডার জিনচেঙ্কোকে ফাঁকি দিয়ে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েন পেনাল্টি বক্সে। বাঁ পায়ের শটে বল জালে পাঠান। ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে শততম লিগ ম্যাচটার দ্বিতীয়ার্ধে প্রাধান্য ছিল লিভারপুলেরই। ৭১-৭৩, এই তিন মিনিটেই দুবার অল্পের জন্য গোল পায়নি ইয়ুর্গেন ক্লপের দল। ৭৩ মিনিটে সালাহর পাস ফাঁকায় পেয়েছিলেন আলেকজান্ডার। তার নেওয়া শট ক্রসবারে লাগে। এমনটি না হলে ফলাফল ভিন্ন হতে পারত।

প্রিমিয়ার লিগে মঙ্গলবার লিভারপুল খেলবে বার্নলির মাঠে, আর্সেনাল বৃহস্পতিবার ঘরের মাঠে খেলবে ওয়েস্ট হ্যামের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত