ময়মনসিংহ সদরে অরক্ষিত একটি রেলক্রসিংয়ে উঠেপড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কার পর চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন দুজন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই লাইন দিয়ে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জারিয়া থেকে ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক ওই রেলক্রসিংয়ে উঠে পড়ে। পরে ট্রেন সেটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির বলেন, দুর্ঘটনাস্থলের পাশেই একটি প্রজেক্টের কাজের জন্য বালু নেওয়া হচ্ছিল। ট্রাকটি বালু নিয়ে ক্রসিংয়ে ওঠার পরপরই বিকল হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও সেটি সরানো যায়নি। পরে ট্রেনটি চলে এলে ট্রাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় নিহত চারজন ট্রেনের যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
