বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনকে অন্যরকম এক সম্মান জানালো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চলমান সিরিজে টাইটেল স্পন্সর, পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে কেএফসি, এএনজেড ব্যাংক, ফোর্ডের মতো বিদেশি ব্র্যান্ড থাকার পরও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটনকে অন্যরকম এক সম্মাননা দিয়েছে।
ওয়ালটন এই সিরিজের প্লাটিনাম কো-স্পন্সর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দিন দুয়েক আগে আচমকা জানিয়েছিল টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের সাথে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রতিনিধিকে চায় তারা। এরকম সম্মাননা দেওয়ার নজির অন্য কোথাও আগে দেখা যায়নি।
মঙ্গলবার নেপিয়ারের মেরিন প্যারেডে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের ক্রিকেটে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুব কমই দেখা যায়, যারা বছরের পর বছর ক্রিকেটের সাথে আছে। সেটা যে দেশেরই হোক তা বড় বিষয় নয়। জানা যায়, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আগে থেকে খোঁজ খবর নিয়েছে ওয়ালটন সম্পর্কে। তারপরই এ ধরনের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন আমাদের দেশের গর্ব। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়ালটন সম্পর্কে ভালো জানে। আজ তারা ওয়ালটনকে সম্মানিত করেছে। এটি সত্যিই বড় পাওয়া আমাদের জন্য। আমরাও বোর্ডকে ধন্যবাদ জানাই এভাবে সম্মানিত করার জন্য।’
উল্লেখ্য, দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট এবং সব ধরনের খেলাধুলাকেই পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ এই টেক জায়ান্ট।
