নৌকার পক্ষে ২৩ প্রিজাইডিং কর্মকর্তা, অভিযোগ জাপা প্রার্থীর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) ২৩ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ২ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা আওয়ামী মনোনীত প্রার্থীর রাজনীতির সাথে সরাসরি জড়িত। এমন অভিযোগ করে তাদের পরিবর্তনের দাবিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন।

বুধবার (২৭ ডিসেম্বর) আবেদন প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রার্থী। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের পরিবর্তন প্রয়োজন মনে করে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন জমা দিয়েছি।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তারা বিতর্কিত হয়েছিলেন। তারা আওয়ামীলীগ প্রার্থীর সরাসরি কর্মী। এছাড়াও গত ২৫ ডিসেম্বর তাদের মধ্য থেকে ৯ জন খাগকান্দা এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ভোট চান।
  
তারা হলেন- প্রিজাইডিং অফিসার গিয়াস উদ্দিন সরকার, জাহেদুল হক, কফিলউদ্দিন, শাখাওয়াত হোসেন, হায়াতুজ্জামান, আহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম ভুইয়া, জানে আলম, মো. ফজলুল হক, দুলাল মিয়া, মইনুল হোসেন, মোজাম্মেল হক, ফারুক হোসেন, মোতাহার হোসেন, মৃদৃলকান্তিপাল, মাহাবুব আলম, সোলায়মান মিয়া, লোকনাথ পোদ্ধার, দেলোয়ার হোসেন, নুরুল হক ও আনোয়ারুজ্জামান খানঁ, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন ও লোকমান হোসেন। 

এছাড়াও তারা একাধিকবার নৌকার প্রার্থী বাবুর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এমপি বাবু মনোনয়ন পাওয়ার তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এসব কর্মকর্তা। যার প্রমাণ আমার কাছে আছে।

তিনি আরও জানান, মোজাম্মেল ও মইনুল হোসেন মানিক নামের দুজন প্রিজাইডিং অফিসার ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছে। অথচ তাদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজ থেকে পেয়েছি।
যার কারনে সুষ্ট নির্বাচন নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত