‘আমরা নৌকার বিপক্ষে না, নৌকার মাঝির বিপক্ষে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব যোগ্য প্রার্থী। তাকে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল আওয়ামীলীগ থেকেই অনুরোধ জানানো হয়েছে।’ মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের পক্ষে উঠান বৈঠকে এমন মন্তব্য করেছেন গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার বিষদ্রোন ভাটেরচর, বড় ভাটেরচর ও টেঙ্গারচর গ্রামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি উঠান বৈঠকে করেন। এসময় তিনি স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিপ্লব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনকে আনন্দঘন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই ফয়সাল বিপ্লবকে আমরা সমর্থন জানিয়েছি। আপনারা স্বাধীন ভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা আপনার গণতান্ত্রিক অধিকার।
